ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান চাওয়া ও সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থান নিয়ে কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যে সম্প্রীতিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, তা আওয়ামী লীগের ভালো লাগছে না। দেশ সামনের দিকে এগিয়ে যাওয়া, গুম-খুন বন্ধ হওয়া এবং ইতিবাচক পরিবর্তনের বিষয় থেকে মানুষের মনোযোগ সরিয়ে ভীতি তৈরির চেষ্টা করছে দলটি।’
আওয়ামী লীগের চার নেতার সীমান্ত এলাকায় গোপন বৈঠক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এটি এক ধরনের ‘হালকা ব্লাফ পলিটিক্স’। ওই চার নেতার নিজ নিজ এলাকায় কোনো আন্দোলন দেখা যায়নি। দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক রাখতেই তাঁরা সীমান্ত ঘুরে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরা ও বিচার প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হবে। কোনো অগ্রহণযোগ্য অনুরোধ সরকার বিবেচনা করবে—এমন চিন্তা হাস্যকর বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা ভারতে কীভাবে অবস্থান করছেন—আশ্রয়, পর্যটন ভিসা নাকি অন্য কোনো ব্যবস্থায়—তা বাংলাদেশ সরকারের জানা নেই। তবে ভারতে অবস্থান করে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে এবং রায়ও হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে তিনি দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি; তাঁর দেশে ফেরার বিষয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সেগুলো মূলত মৌখিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ। তিনি আরও বলেন, একদিকে বিমান চাওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত ঘুরে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের আগে নিজেদের মানসিকতা ঠিক করা উচিত।
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, এ দেশের হিন্দু-মুসলমান একই ছাদের নিচে শান্তিতে বসবাস করেন। ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধার জন্য বাংলাদেশের হিন্দু-মুসলিম ইস্যু ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।
ভারতের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, শোচনীয় কূটনৈতিক নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে এবং এর প্রভাব বাংলাদেশের সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্কে পড়ছে। ভারতের মাটিতে বসে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের একাংশের তা সমর্থন করা ভারতের দুর্বল পররাষ্ট্রনীতিরই বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন।