calendar_today শুক্রবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ • ২৭ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ভারতীয় মন্ত্রীর হুমকি ও সহিংসতার প্রতিবাদে যাত্রাবাড়ীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ◆ ফেসবুকে পদত্যাগের ঘোষণার পর সাজাপ্রাপ্ত বিএনপি নেতা বোরহান গ্রেফতার ◆ গোপালগঞ্জে ১৫ দিনের সহিংসতায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি ◆ দল নয়, দেশের স্বার্থে ঐক্যের ডাক তারেক রহমানের ◆ বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল ◆ মেয়েরা অজান্তে যে ৯ ভুল করেন সাইবার বুলিংয়ের শিকার হলে ◆ ভারতে মারা যাওয়া সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ◆ আওয়ামী লীগ রাজনৈতিক নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী ◆ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী ◆ মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১, মেঘনায় নিখোঁজ ১ ◆ ককটেল বিস্ফোরণ ঢাকার সিএমএম আদালতের সামনে , আইনজীবী আহত ◆ কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে প্রধানমন্ত্রীর আহ্বান
home হোম / রাজনীতি / গোপালগঞ্জে ১৫ দিনের সহিংসতায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

গোপালগঞ্জে ১৫ দিনের সহিংসতায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি

জেলা প্রশাসনের সংকলিত নথি অনুযায়ী, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ধারাবাহিক হামলায় প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর-অগ্নিসংযোগের শিকার হয়েছে; পরিস্থিতি...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ • সন্ধ্যা ০৬:১৮
history আপডেট: ৭ ঘণ্টা আগে
timer ১১ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জে প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান, তিনজন সংসদ সদস্যের বাসভবন, থানা, যানবাহন ও সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়েছে। এতে কয়েক শ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জেলা প্রশাসনের সংকলিত একটি নথি অনুযায়ী, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত জেলার প্রতিটি উপজেলায় এসব সহিংস ঘটনা ঘটে। নথিতে এসব হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে। এতে দেখা যায়, প্রথম সপ্তাহে ধারাবাহিক সহিংসতার পর ১৭ ও ১৯ নভেম্বর তা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং পরবর্তী সময়ে বিক্ষিপ্ত হামলার ঘটনা ঘটে।

ধ্বংসযজ্ঞের বিস্তৃত চিত্র নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সহিংসতা চলাকালে পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১০টি যানবাহনসহ মোট ২৫টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছেন। তিনজন সংসদ সদস্যের বাসভবনে আগুন দেওয়ার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মালিকানাধীন অন্তত ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে।

এ ছাড়া দুটি থানা ও একটি হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, যার ফলে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনা ও অবকাঠামো ভাঙচুরের পাশাপাশি প্রায় ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় ভাঙচুর এবং আট থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

ধারাবাহিক হামলার ঘটনাপ্রবাহ নথির তথ্যমতে, প্রথম ঘটনাগুলো ঘটে ১০ নভেম্বর। ওই দিন টুঙ্গিপাড়ায় বিক্ষোভকারীরা ব্যানার-ফেস্টুন ছিঁড়ে পাটগাতী বাজারে যুবদল কার্যালয়ে হামলা চালান এবং একটি স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। একই দিন গোপালগঞ্জ সদরে পৌর শিশু পার্কের কাছে পেট্রল ঢেলে একটি পণ্যবাহী ট্রাক ও একটি ইজিবাইকে আগুন দেওয়া হয়। বিকেলে লঞ্চঘাট এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে মারধর এবং কাজুলিয়া ইউনিয়নে ছয়টি দোকান ভাঙচুর করা হয়। কাশিয়ানীতে চলন্ত একটি বাসের কাচও ভাঙচুর করা হয়।

১৫ নভেম্বর টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার ও নতুন বাজারে বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকান, উপজেলা পরিষদের পেছনে এক বিএনপি নেতার দোকান ও মোটরসাইকেল, শিশুপার্কের সামনে গ্রামীণ ব্যাংকের একটি শাখা এবং পাটগাতীতে এক বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন দুপুরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল থেকে ‘শহীদ হাদি চত্বর’-এর নাম পরিবর্তন করে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ রাখা হয়। পরদিন ১৬ নভেম্বর কোটালীপাড়ায় একটি মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়।

১৭ নভেম্বর বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার চারটি গাড়ি ও কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। ওই দিন রাতে নিলফা বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের বাড়িসহ আরও ছয়টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। ১৮ নভেম্বর হামলা চালানো হয় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসভবনে।

১৯ নভেম্বর চার উপজেলায় ব্যাপক তাণ্ডব সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটে ১৯ নভেম্বর, জেলার চারটি উপজেলায়। মুকসুদপুরে উপজেলা পরিষদের সিসিটিভি ক্যামেরা, মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংকের মুকসুদপুর, বলগ্রাম ও বাটিকামারী শাখা এবং উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িসহ বিএনপির অন্যান্য নেতা-কর্মীর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত চারটি হিন্দু পরিবারের আটটি বাড়ি, পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোলট্রি খামারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও লুটপাট চালান পার্শ্ববর্তী গ্রামগুলোর আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী। ভুক্তভোগী পরিবারগুলো আতঙ্কের মধ্যে বসবাস করছে এবং এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

একই দিন কোটালীপাড়ায় পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সদরের বিজয়পাশায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি এসআরবি গাড়ি, পৌরসভার একটি সুপারশপ, একটি রেস্তোরাঁ ও পাঁচুরিয়া নিউ মার্কেটে বিএনপি কার্যালয় ভাঙচুর ও লুটপাট করা হয়। বেলা ১টার দিকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও তাঁর বাড়িতে আগুন দিয়ে লুটপাট চালানো হয়; আগুন দেওয়া হয় বিএনপির আরও এক নেতার বাড়িতে।

পরবর্তী সময়ে ২৩ নভেম্বর সদরের লঞ্চঘাটে ১২টির বেশি দোকান ভাঙচুর-লুটপাট ও সদর সাব-রেজিস্ট্রি অফিসে হামলা চালানো হয়। ওই দিন কোটালীপাড়ায় রামশীল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের একটি দোকানে আগুন দেওয়া হয়। নথিতে উল্লিখিত সর্বশেষ ঘটনায় ২৫ নভেম্বর সদরের সাতপাড়া ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা ভাঙচুর করা হয়।

বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের নথি অনুযায়ী, জেলার প্রতিটি উপজেলাই এসব সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে টুঙ্গিপাড়ায় সবচেয়ে আগে ও বেশি হামলা হয়েছে এবং সদরে হাসপাতাল, সংসদ সদস্যের বাড়ি থেকে শুরু করে সরকারি-বেসরকারি স্থাপনায় সবচেয়ে বিস্তৃত পরিসরে ক্ষয়ক্ষতি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় এখনো বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন—যার মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৫ প্লাটুন, আনসারের ১৫ প্লাটুন এবং পুলিশের প্রায় ২ হাজার সদস্য রয়েছেন। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ২২ নভেম্বর থেকে অনলাইনে ক্লাস চলছে। এ ছাড়া জেলায় ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে।