রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ডরিনের স্থায়ী নিবাস ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তবে তিনি বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার সি-ব্লকের ১/১২ নম্বর বাসায় বসবাস করছিলেন।
ঠিক কোন মামলায় এবং কখন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। বর্তমানে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ভারতে চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর দেশজুড়ে আলোচনায় আসেন তাঁর মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। সে সময় বাবার নিখোঁজ হওয়ার ঘটনা এবং পরবর্তী সময়ে হত্যাকাণ্ডের বিচার চেয়ে গণমাধ্যমে নিয়মিত বক্তব্য দিয়ে বেশ পরিচিতি পেয়েছিলেন তিনি।