শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশুদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান। তিনি বলেন, নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন প্রধানমন্ত্রী।
শিশুদের সঙ্গে কথা বলার একপর্যায়ে সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তিনি। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।
এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।