ইরানে হামলার ঘটনাকে ভয়াবহ মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন একটা খুব কঠিন সময়ে বাস করছি, যে সময়টা খুবই অস্থির। একদিকে বিশ্ব রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব। সোমবার রাজধানীর ধানমন্ডির ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি-আইএসটি মিলনায়তনে প্রয়াত অধ্যাপক শাহিদা রফিকের প্রথম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিনা কারণে একে দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, বিনা কারণে দেশের প্রধানকে, রাষ্ট্রের প্রধানকে এবং একটি মতবাদের প্রধানকে হত্যা করা, একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে জেলে পুড়ে দেয়া, এক ভয়াবহ বিশ্ব। তিনি বলেন, আমরা যারা কিছুটা পুরনো মানুষ, আমরা বেড়ে উঠেছি গণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্য দিয়ে, চিন্তার মধ্য দিয়ে। আমাদের ধ্যান, ধারণা, চিন্তা-ভাবনার মধ্যে সবসময় গণতান্ত্রিক চিন্তা-ভাবনাই আছে। আমরা মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, আমরা মানবতায় বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা প্রতিটি রাষ্ট্রের স্বাধীনতাতে বিশ্বাস করি। এরকম মানুষগুলো আমরা এখন অত্যন্ত কষ্টে আছি। চতুর্দিককার অবস্থা দেখে আমরা কেমন যেন হতাশ হয়ে পড়ছি। বাংলাদেশেও ঠিক একইভাবে অস্থিরতার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই যে, আল্লাহ তার অশেষ রহমতে বাংলাদেশের মানুষ এখনো সঠিক সিদ্ধান্ত নিতে বিচলিত হয় না, দ্বিধা করে না।
খুব কঠিন সময়ে বাস করছি আমরা এখন : মির্জা ফখরুল
মন্ত্রী বলেন, আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে, আমরা বিগত ১৭/১৮ বছরে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিস্ট শক্তি ধ্বংস করে দিয়ে গেছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে। আমার পাশে দু’জন ভাইস চ্যান্সেলর আছেন, তারা একমত হবেন যে শিক্ষা ব্যবস্থা সত্যিকার অর্থে ভেঙে পড়েছে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এটাকে আবার টেনে উপরে তোলা, প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা, রাষ্ট্রকে সত্যিকার অর্থে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা, মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করা, ন্যায়ের শাসনকে প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসনকে প্রতিষ্ঠা করা-এই বিষয়গুলোকে সামনে আবার নিয়ে আসতে হবে। আমাদেরকে সেই লক্ষ্যেই কাজ করতে হবে। ড. সাহেদ প্রতি আমরা তখনই সম্মান দেখাতে পারব যখন তার যে আকাক্সক্ষা ছিল, ইচ্ছা ছিল তিনি যে কাজগুলো করতে চেয়েছিলেন, যদি আমরা পূরণ করতে পারি।