দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে অগ্রণী ভূমিকা রাখবে বিএনপি গয়েশ্বর চন্দ্র রায়

Total Views : 40
Zoom In Zoom Out Read Later Print

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে সাভারের নামাবাজারের পঞ্চবটি আশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সাভার পৌর এলাকার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দ অংশ নেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আসন্ন দুর্গাপূজা ঘিরে মানুষের মধ্যে নানা ধরনের আশঙ্কা থাকতে পারে। তবে সেই আশঙ্কা যেন বাস্তবে রূপ না নেয়, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না দেওয়ার জন্য তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

তিনি আরও বলেন, পূজা উদযাপন নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যেন আতঙ্ক তৈরি না হয়, সে জন্য বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় সজাগ থাকবেন। উৎসব নির্বিঘ্ন রাখতে তাঁরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও আশ্বাস দেন তিনি।

শহীদ মজনু ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাভার পৌরসভার মেয়র প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মো. আশরাফ উদ্দিন খান, শহীদ মজনু ফাউন্ডেশনের মহাসচিব নাজমুল হাসান অভি এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালসহ অন্যরা।

সভা শেষে বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বী মানুষ এবং সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

See More

Latest Photos