ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান কর্মসূচির সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ।
দিল্লিতে উত্তাপ: ধর্না চলাকালে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদদের প্রিজন ভ্যানে পুলিশ
আজ শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় নিজের বাসভবনের সামনে অবস্থান নিয়ে ধর্না কর্মসূচিতে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাথে দলটির শীর্ষস্থানীয় নেতা ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনসহ একাধিক সাংসদ উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দিল্লি পুলিশ কর্মসূচি প্রত্যাহার করে সরে যাওয়ার নির্দেশ দিলেও মমতা ও তৃণমূল প্রতিনিধিরা অবস্থান ধরে রাখেন। পরবর্তীতে পুলিশ তাঁদের আটক করে স্থান ত্যাগ করতে বাধ্য করে।
আটককৃত তৃণমূলের প্রতিনিধি ও সাবেক মুখ্যমন্ত্রীকে একটি প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হলেও তাঁদের ঠিক কোথায় রাখা হচ্ছে বা কোন স্থানে স্থানান্তরিত করা হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি প্রশাসন।
উল্লেখ্য, একই দিনে ভারতের রাজধানীতে দুই সাবেক মুখ্যমন্ত্রীকে আটক করার ঘটনা ঘটল। এর আগে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করেছিল দিল্লি পুলিশ। তাঁকে সরাসরি কোনো নির্দিষ্ট থানায় না নিয়ে বেশ কিছুক্ষণ শহরের বিভিন্ন সড়কে ঘুরিয়ে রাখা হয়েছিল বলে জানা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সঙ্গীদের ক্ষেত্রেও পুলিশ অনুরূপ কোনো পদক্ষেপ নিচ্ছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।