সারোয়ার তুষার বলেন, এনসিপি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করাই জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত।
এনসিপি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে দলটির সঙ্গে যোগাযোগ করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বৈঠকে এনসিপি নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যে যে দূরত্ব ও বিভেদ তৈরি হয়েছে, তার কারণগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।
বিশেষ করে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও বৈঠকে উত্থাপন করতে পারেন এনসিপি নেতারা। পাশাপাশি গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ দলটির ঘোষিত পাঁচ দফা দাবিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করে রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বৈঠকে আলোচিত বিষয় এবং দাবিগুলোর বিষয়ে সরকার কী অবস্থান নেয়, তার ওপর সংলাপের পরবর্তী অগ্রগতি অনেকটাই নির্ভর করবে।